ধর্ষণের তিন দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত শনিবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনার তিন দিন পর গত মঙ্গলবার সকালে এক কলেজছাত্রসহ তিনজনকে অভিযুক্ত করে তিনি থানায় অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।মামলার বিবরণে বলা হয়, ওই গৃহবধূ উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা গ্রামে দুই সন্তান নিয়ে থাকেন। তাঁর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ওই দিন রাতে একই গ্রামের নিজাম উদ্দিন ও কলেজছাত্র সোহেল মিয়া এবং আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে জোর করে তাঁকে ধর্ষণ করে। পরে তাঁর চিৎকার শুনে লোকজন জড়ো হলে তিনি তাঁদের সব খুলে বলেন। দেরিতে মামলা করার বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ বলেন, গ্রামের কয়েকজন তাঁকে ঘটনাটি মীমাংসা করতে বলেছিল। পরে তারা যোগাযোগ করেনি। তাদের পরিচয় জানতে চাইলে তিনি বলতে পারেননি। অভিযুক্ত সোহেল মিয়া জানান, ঘটনাটি ডাহা মিথ্যা ও সাজানো।