ধর্ষণের দণ্ড পাঁচ শতক জমি ও এক লাখ টাকা!
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের এক মাদ্রাসাছাত্রী ১৮ জুলাই রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা অর্থ-সম্পদের বিনিময়ে মিটিয়ে ফেলতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী (১৩) এখন স্থানীয় একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। প্রায় ছয় বছর আগে সে তার চাচাতো ভাইয়ের (২২) হাতে ধর্ষণের শিকার হয়। পরে সালিসে সিদ্ধান্ত হয়, ওই যুবক মেয়েটিকে চার শতক জমি লিখে দেবেন ও সাবালিকা হলে তাকে বিয়ে করবেন। কিন্তু জমি দেওয়া দূরের কথা, উল্টো তাঁর পরিবার মেয়েটির নামে অপবাদ রটানোসহ নানাভাবে মানসিক নির্যাতন করে আসছিল। ফলে ছয় মাস ধরে মেয়েটি মাদ্রাসায় যেতে পারছে না। এমন পরিপ্রেক্ষিতে গত জুন মাসের শুরুতে ঘটনাটি নিয়ে আবার সালিস বসে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। সালিসে ওই যুবক মেয়েটিকে বিয়ে করবেন না বলে তাঁর পরিবার সাফ জানিয়ে দেন। এর পরিবর্তে মেয়েটিকে পাঁচ শতক জমি ও এক লাখ টাকা নিয়ে মীমাংসা করতে বলা হয়। তাতে রাজি না হওয়ায় সোমবার মেয়েটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই যুবকের মা। এরপর রাতে মেয়েটি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি এ প্রতিবেদককে বলে, ‘আমার ইজ্জত গেছে। এটা গ্রামের সবাই জানে। আমি কীভাবে সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকব? এ জন্যই আমি মরে যেতে চেয়েছিলাম।’
মুঠোফোনে যোগাযোগ করলেও অভিযুক্ত যুবক ও তাঁর বাবা ফোন ধরেননি। তবে ওই যুবকের ছোট ভাই হাসপাতালে এসেছিলেন। এ সময় তিনি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তাঁর ভাই একাই ধর্ষণ করেননি, এতে আরও কয়েকজন জড়িত। তাই তিনি একা কেন তাকে বিয়ে করতে যাবেন? এ কারণেই জমি ও টাকা নিয়ে মেয়েটির পরিবারকে মীমাংসা করতে বলা হয়।
সালিসে উপস্থিত থাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ‘আগের চেয়ারম্যান কয়েকবার সালিস করেও ঘটনাটির মীমাংসা করতে পারেননি। আমি চেয়ারম্যান হওয়ার পর গত জুনের শুরুতে সালিসে বসি। এ সময় ওই যুবক ধর্ষণের কথা সবার সামনে স্বীকার করলেও মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তার পরিবর্তে পাঁচ শতক জমি ও এক লাখ টাকা দিতে চান। মেয়েটির বাবা কিছুটা রাজিও ছিলেন। তবে মেয়েটির পাশাপাশি তার মা রাজি হননি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সালিসের বৈঠক শেষ হয়।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ধর্ষণের ঘটনাটি তাঁর জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ।