ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন ও দুজনের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনকেই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু সুফিয়ান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামির নাম জসিম। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকার বাসিন্দা। এ ছাড়া ১৪ বছর সাজা পাওয়া আসামিরা হলেন একই এলাকার বিপ্লব ও মনারুল। তাঁদের মধ্যে জসিম পলাতক। রায় ঘোষণার সময় বিপ্লব ও মনারুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দা মর্জিনা খাতুন জানান, ২০১১ সালের ৪ এপ্রিল একটি কালো মাইক্রোবাসে করে সাজা পাওয়া তিন আসামি রাজশাহী নগরের মতিহার থানার মাসকাটা দীঘি এলাকায় এক নারীর বাড়িতে আসেন। সেখান থেকে কৌশলে তাঁরা ওই নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ৮ এপ্রিল ওই নারীর পিতা বাদী হয়ে মতিহার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় বিচারক একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন জহুরুল ইসলাম।