ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
মৌলভীবাজারে এক গৃহবধূকে ধর্ষণ ও তাঁর নগ্ন ছবি ক্যামেরায় ধারণ করে চাঁদা আদায়ের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান গত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ থানার রামপাশা গ্রামের জহুর আলী (৪৮), সদর উপজেলার বলিয়ারবাঘ গ্রামের কয়ছর মিয়া (৩২) ও সোমপাশি গ্রামের সাদেক মিয়া (৩০)। তাঁদের মধ্যে সাদেক পলাতক। অন্য দুজন কারাবন্দী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার আরেক আসামি ঢেউপাশা গ্রামের ফয়জুল মিয়াকে (৩৬) খালাস দিয়েছেন আদালত।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর প্রথম আলোকে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চারজন আসামির তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, মৌলভীবাজারের একটি গ্রামের বাসিন্দা ওই গৃহবধূকে (৩০) ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি শহরের শাহ মোস্তফা রোড থেকে অপহরণ করে প্রেমনগর চা-বাগানে নিয়ে আসামিরা ধর্ষণ করেন। পরে তাঁর নগ্ন ছবি ক্যামেরায় ধারণ করেন এবং ধর্ষণের শিকার হওয়ার কথা কাউকে না বলতে তাঁকে শাসিয়ে দেন। ঘটনার প্রায় ছয় মাস পর ধর্ষণকারীরা গৃহবধূকে বিবস্ত্র ছবি দেখিয়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে বলেন। চাঁদা না দিলে ওই ছবি লোকজনকে দেখিয়ে তাঁকে সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। ভয়ে গৃহবধূ ১৪ মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেন। কিন্তু তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়লে ২০১১ সালের নভেম্বর মাসে মাত্র আড়াই হাজার টাকা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গৃহবধূকে মারধর করেন। এই ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) জহুরকে আটক করে মারধরের কারণ জানতে চায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণ ও ছবি তুলে টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে পরে কয়ছর, সাদেক ও ফয়জুলকে আটক করে পুলিশ। পরে অবশ্য সাদেক জামিনে মুক্তি পান এবং আত্মগোপন করেন।