ধর্ষণের দায়ে হাজীগঞ্জের সেই শিক্ষকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের দায়ে আবদুল জলিল (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিচারক মো. শফিকুল করিম গতকাল সোমবার এ রায় দেন।
সরকারি কৌঁসুলি জানান, জন্ম নেওয়া শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত রাষ্ট্র তার ভরণপোষণের খরচ বহন করবে। এ ভরণপোষণের খরচ রাষ্ট্র জলিলের কাছ থেকে আদায় করবে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি (নারী ও শিশু) মো. হাবিবুল ইসলাম তালুকদার ও সহকারী কৌঁসুলি মো. জসিম উদ্দিন ভূঁইয়া। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. তোফায়েল আহমেঞ্চদ ও এ টি এম মোস্তফা কামাল। মামলার এজাহার ও ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারের কাছ থেকে জানা গেছে, ২০১০ সালের ৩ আগস্ট উপজেলার কাপাইকাপ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক আবদুল জলিল জায়গিরবাড়িতে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী জলিলের সঙ্গে শিশুটির বিয়ে দেন। তবে শিশুটির বাবা এ বিয়ে না মেনে ২০১১ সালের ১৮ জানুয়ারি জলিলকে আসামি করে আদালতে মামলা করেন। জলিল বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেন।
২০১১ সালের ১৯ এপ্রিল ধর্ষণের শিকার ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। বর্তমানে ওই ছাত্রী ও তার সন্তানকে মহিলা আইনজীবী সমিতি পরিচালিত চাইল্ড হোম কেয়ার প্রশান্তিতে রাখা হয়েছে। সরকারি কৌঁসুলি মো. হাবিবুল ইসলাম তালুকদার জানান, পুলিশ ২০১১ সালের ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। জন্ম নেওয়া শিশুটি তাঁর নয়, অভিযুক্ত শিক্ষক এ দাবি করার পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৩ মে শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য নির্দেশ দেন আদালত। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, মাদ্রাসাছাত্রীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি অভিযুক্ত ওই শিক্ষকের।