ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
ধর্ষণের দায়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের আবু সাঈদ খান চৌধুরী ওরফে পারভেজ চৌধুরীকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত৷ আবু সাঈদকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুিমল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম ওই রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কেঁৗসুলি (এপিপি) নিশাত সালাউদ্দিন জানান, ২০১২ সালের ২৮ মার্চ রাত থেকে একই বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের আবু সাঈদ খান চৌধুরী এক চাচাতো বোনকে (১৮) কয়েকবার ধর্ষণ করেন। এতে ওই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানাজানি হলে আবু সাঈদ মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে তিনি আর ওই তরুণীকে বিয়ে করেননি। এ পরিস্থিতিতে ভুক্তভোগী ওই তরুণী ২০১২ সালের ২৩ অক্টোবর আবু সাঈদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন।
দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ পলাতক রয়েছেন। তবে ভুক্তভোগী ওই নারী গতকাল আদালতে উপস্থিত ছিলেন। রায় নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। আবু সাঈদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে এলাকাবাসী দাবি করছেন।