ধর্ষণের দায়ে গৃহ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন ওরফে হীরা (২৯)। তিনি ভূঞাপুর উপজেলার ফলদা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। রায়ে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) এ কে এম নাছিমুল আক্তার জানান, স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক তোফাজ্জল হোসেন একই শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর গৃহশিক্ষক ছিলেন। ২০১০ সালের ১ মার্চ তোফাজ্জল শিক্ষার্থীর মাকে মোবাইলে ফোন করে জানান যে তিনি অসুস্থ থাকায় পড়াতে যেতে পারবেন না। যেন শিক্ষার্থীকে বই নিয়ে তাঁর বাড়িতে পাঠিয়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিক্ষার্থী শিক্ষক তোফাজ্জলের বাড়িতে গেলে সেখানে তিনি তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৫ মার্চ ভূঞাপুর থানায় ধর্ষণের মামলা করেন। মামলায় তোফাজ্জলকে আসামি করা হয়।
রায় শেষে তোফাজ্জলকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।