ধর্ষণের দায়ে তিন যুবকের কারাদণ্ড
মানিকগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন সদর উপজেলার বৈতরা গ্রামের মো. রফিক, একই গ্রামের জুয়েল রানা ও উচুটিয়া গ্রামের হুমায়ুন কবির। এঁদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী, ২০০৩)-এর ৭ ধারায় আসামি রফিককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। একই আইনের ৯(১) ধারায় ট্রাইব্যুনাল তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। এ ছাড়া হুমায়ুন ও জুয়েলকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নূরুল হুদা। আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম। নূরুল হুদা বলেন, ২০০৯ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেন রফিক। এ কাজে সহযোগিতা করেন জুয়েল ও হুমায়ুন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সদর থানায় মামলা করেন।