ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন
ক্ষুদ্র জাতিসত্তার বাক্প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড হয়েছে। গতকাল সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন। রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। রায়ে আদালত বলেন, আসামি সুইট ওরফে কালু ও মো. চান মিয়া ওরফে ফেরদৌসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মাহাবুবুর রহমান, মোস্তাক ও মজনু ওরফে কুটুকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের পেশকার সাইফুল ইসলাম দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ আগস্ট রাতে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর বাজার থেকে বাক্প্রতিবন্ধী ওই নারীকে (১৯) তুলে আনা হয় নাটোরের সিংড়া উপজেলার হোসেনপুর গ্রামের একটি সেতুর নিচে। সেখানে তাঁকে পাঁচ দুর্বৃত্ত ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরের দিন সকালে স্থানীয় এক নারী তাঁকে উদ্ধার করেন। ভাষা বুঝতে না পারায় তাঁর নাম ও পরিচয় জানা সম্ভব না হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পরে ওই নারীও নিখোঁজ হয়ে যান।
তবে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে সিংড়া থানার কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল জব্বার বাদী হয়ে সিংড়া থানায় গণধর্ষণের মামলা করেন। মামলায় সিংড়ার হোসেনপুর গ্রামের মাহাবুবুর রহমান, সুইট প্রাং, মো. মোস্তা, চাঁন মিয়া, মো. মজনু ও শান্তকে আসামি করা হয়। মামলাটির তদন্ত শুরু করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই। তদন্তকালে আসামিরা আদালতে হাজির হন। রিমান্ড শেষে আসামি সুইট ও চান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তকারী কর্মকর্তা ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করান। বিচারকের সামনে তাঁকে জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হলেও তিনি অসুস্থ থাকায় জবানবন্দি দিতে পারেননি। পরে তাকে সেফ হোমে পাঠিয়ে দেন আদালত। কিছুদিন পর সেখানে তাঁর মৃত্যু হয়।