ধর্ষণের দায়ে দুজনের ১৪ বছর করে কারাদণ্ড
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে দুলাভাই ও এক পল্লি চিকিৎসকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন পঞ্চগড় সদর উপজেলার টোকাপাড়া গ্রামের মো. ইব্রাহিম ও সোনারবান গ্রামের পল্লি চিকিৎসক মো. নুরুল ইসলাম।একই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুলাভাই ইব্রাহিমের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলার সাজা একই সঙ্গে কার্যকর হবে। গত সোমবার বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুর আলী এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ইব্রাহিম ২০১০ সালের ২ জুলাই তাঁর শ্যালিকা ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে মো. নুরুল ইসলামের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁরা তাকে ধর্ষণ করেন। খবর পেয়ে ওই কিশোরীর বাবা লোকজন নিয়ে ৬ জুলাই সকালে নুরুল ইসলামের বাড়ি থেকে মেয়েকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন।পরে এ ব্যাপারে কিশোরীর বাবা পঞ্চগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর ওই দুজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।