ধর্ষণের দায়ে পরিমলের যাবজ্জীবন

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণের দায়ে বিদ্যালয়টির সাবেক শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমদ গতকাল বুধবার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ওই ছাত্রীর ও আসামি পরিমল জয়ধরের পরিবারের কোনো সদস্যকে আদালতে দেখা যায়নি।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আসামি পরিমল জয়ধরের কোচিং সেন্টারে ওই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। মামলার তদন্তে দুর্বলতা রয়েছে। দুই তদন্তকারী কর্মকর্তা এস এম শাহাদৎ হোসেন ও মাহবুবে খোদা তদন্তে চরম অদক্ষতা ও গাফিলতি দেখিয়েছেন। এ ধরনের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত কর্মকর্তার দুর্বলতার কারণে মামলার অভিযোগ অস্বীকার করার সুযোগ নেই। রাষ্ট্রপক্ষে উপস্থাপিত ঘটনার শিকার ছাত্রীর ২২ ধারার জবানবন্দি, সাক্ষীদের জবানবন্দি, দালিলিক সাক্ষ্য এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ঘটনার পারিপার্শ্বিক অবস্থা ঘটনার সত্যতা প্রমাণ করে।
রায়ে বলা হয়, ২০১১ সালের ৫ জুলাই এই মামলা করা হয়। ওই বছরের ৭ জুলাই পরিমল জয়ধরকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ জুলাই পরিমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৭ জুলাই ওই ছাত্রী ঘটনা বর্ণনা করে ২২ ধারায় জবানবন্দি দেয়। ১১ আগস্ট প্রথম অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ডিবি পুলিশ অধিকতর তদন্ত শেষে ওই বছরের ২৪ নভেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন দেয়। ২০১২ সালের ৭ মার্চ অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ২৮ জন সাক্ষীকে উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হলো। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হলো। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে জরিমানার টাকা ঘটনার শিকার ছাত্রীকে দিতে বলা হয়। জরিমানার অর্থ আদায় করে ৯০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, আসামির হাজতবাসের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে। আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বেলা সোয়া দুইটার দিকে পরিমলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
রায়ের পর পরিমল জয়ধর সাংবাদিকদের বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। রায়ের বিষয়ে আমার আইনজীবী আছেন, তাঁরা পদক্ষেপ নেবেন। তবে আমি পরিস্থিতির শিকার।’
এই মামলার রায় ঘোষণার আগে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা আদালত প্রাঙ্গণে িভড় করেন। বেলা ১টা ৫০ মিনিটে পরিমলকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। পরে রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ফোরকান মিয়া। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। রায়ের পর আসামিপক্ষের আইনজীবী মো. মাহফুজ মিয়া বলেন, আসামি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ মে স্কুলের পাশে একতলা ভবনের একটি কক্ষে স্কুলটির এক ছাত্রীকে ধর্ষণ করেন পরিমল। এ ঘটনায় ওই বছরের ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। মামলায় পরিমল জয়ধর, স্কুলের ওই শাখার তৎকালীন অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করা হয়। ৭ জুলাই পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত শেষে ২০১১ সালের ২৮ নভেম্বর পরিমলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে হোসনে আরা ও লুৎফুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।