ধর্ষণের দায়ে যাবজ্জীবন
পঞ্চগড়ে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ এম এ নূর এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁর নাম আবদুর রহিম (৪০)। তিনি জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার পশ্চিম মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালে দেবীগঞ্জের সোনাহার পশ্চিম মুন্সীপাড়া গ্রামের এক নারীকে ধর্ষণ করেন আবদুর রহিম। পরদিন ওই নারী দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দেবীগঞ্জ থানার এসআই বেলাল হোসেন তদন্ত শেষে ২০১১ সালে আবদুর রহিমের নামে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান ও আসামি পক্ষে আবুল কালাম মামলাটি পরিচালনা করেন।