গাজীপুরে নারী পোশাকশ্রমিককে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এ ছাড়া আরেক নারী পোশাকশ্রমিককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর যাবজ্জীবন এবং গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া মৃত্যুদণ্ডের রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তরুণ হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার দাদার গ্রামের হুমায়ুন কবির (৩০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জের এক তরুণী গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরির সুবাদে তাঁর সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক হয়।
একপর্যায়ে হুমায়ুন বিয়ের প্রতিশ্রুতি দেন তরুণীকে। এরপর ২০১১ সালের ১১ এপ্রিল তরুণীকে ধর্ষণ করেন হুমায়ুন। পরে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে তরুণী বারবার তাগিদ দিলেও হুমায়ুন তাঁকে বিয়ে করেননি। পরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং তাঁর এক কন্যাসন্তান হয়। এ ঘটনায় তরুণীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকেন হুমায়ুন। পরে ২০১৫ সালের ২৩ মে হুমায়ুনকে আসামি করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেন তরুণী। মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী গত ৩১ ডিসেম্বর হুমায়ুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফজলুল কাদের বলেন, বিচারকের সামনে আসামি দোষ স্বীকার করায় অভিযোগ গঠনের দিনই বিচারক রায় ঘোষণা করেন। রায়ের ফলে তরুণীর কন্যাসন্তান (বর্তমান বয়স এক বছর আট মাস) হুমায়ুনকে পিতা এবং তরুণীকে মা হিসেবে পরিচয় দিতে পারবে। বিবাহ না হওয়া পর্যন্ত শিশুটির ভরণপোষণ রাষ্ট্র বহন করবে।
এদিকে পোশাকশ্রমিক করিমন নেছাকে হত্যার দায়ে আবুল কালাম ওরফে কালুকে (৬৫) ফাঁসির আদেশ দেন আদালত। তাঁর বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের চানপাড়া এলাকায়। আদালত সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে চাঁনপাড়া এলাকার শমশের আলীর মেয়ে করিমন নেছার সঙ্গে একই গ্রামের চাঁন মিয়ার বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে ও মেয়ে হয়। একসময় আবুল কালামের সঙ্গে করিমনের সম্পর্ক হয়। একপর্যায়ে আবুল কালামের পরামর্শে স্বামী চান মিয়াকে তালাক দেন করিমন।
এরপর বাবার বাড়ি চলে যান করিমন। কিন্তু আবুল কালামের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ায় করিমন ১৯৯৯ সালের ১২ জানুয়ারি পার্শ্ববর্তী ভোগড়া এলাকায় বোনের বাড়ি যান। ওই দিন সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে করিমন নিখোঁজ হন। পরে ২৫ জানুয়ারি বাড়ির পাশের একটি পুকুরে করিমনের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বড় ভাই সফিজ উদ্দিন ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। পরে পুলিশের তদন্তে আবুল কালামসহ স্থানীয় নাজিম উদ্দিন (৫০), জালাল উদ্দিন (৫৫) ফজলুল হকের (৫৫) নাম অন্তর্ভুক্ত হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ২০০৪ সালের ৩ জুন পুলিশ আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানিতে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কালামের মৃত্যুদণ্ড এবং অন্য তিনজনকে খালাসের রায় দেন।