ধর্ষণের দায়ে যাবজ্জীবন, শিশুর ভরণপোষণ দিতে হবে রাষ্ট্রকে
বোনের বান্ধবীকে ধর্ষণের দায়ে চাকরিচ্যুত এক সেনাসদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ঘটনায় জন্ম নেওয়া শিশুটির ২১ বছর বয়স পর্যন্ত রাষ্ট্রকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম আজ রোববার বিকেলে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মনিরুজ্জামান।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ অক্টোবর রাতে নাটোরের লালপুর উপজেলায় এক কলেজছাত্রীকে তাঁর বান্ধবীর ভাই নিজেদের বাসা নিয়ে যান। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁর বাবা বাদী হয়ে লালপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় ছাত্রীর বান্ধবী ও তাঁর ভাইকে আসামি করা হয়। পরে ওই ছাত্রী সন্তানের জন্ম দেন। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয় আসামি মনিরুজ্জামানই ওই সন্তানের বাবা।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, অভিযোগ প্রমাণ হওয়ায় মনিরুজ্জামানকে আজ সাজা দেওয়া হয়। এ ছাড়া আদালত নাটোরের জেলা প্রশাসককে ছয় মাসের মধ্যে আসামির সম্পদ বিক্রি করে জরিমানা আদায় করে তা ধর্ষণের শিকার ছাত্রীকে দিতে নির্দেশ দেন। একই সঙ্গে জন্ম নেওয়া শিশুটির বয়স ২১ বছর হওয়া পর্যন্ত রাষ্ট্রকে তার ভরণপোষণ করতে নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি শাহজাহান আলী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বোনের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই এই রায়ের মাধ্যমে মেয়েরা যেমন সতর্ক হবে, তেমনি অপরাধীরা সতর্ক হবে।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।