ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ড পাওয়া যুবকের নাম মফিজ উদ্দিন (৩৬)। তিনি সিধুলি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন। রায়ে একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ টাকা আদায় করে ওই কিশোরীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া বলেন, শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীর মা-বাবা ঢাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। মেয়েটি বাড়িতে তাঁর দাদির কাছে থাকে। ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় দাদি বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে সেচ মেশিনের পাম্পচালক মফিজ উদ্দিন ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে যান। পরে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। দাদি ঘরে ফিরে মেয়েটিকে না পেয়ে চিৎকার শুরু করলে মফিজ উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় মফিজ উদ্দিনকে একমাত্র আসামি করে মেয়েটির দাদি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা মফিজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে গতকাল রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় মফিজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী পঙ্কজ কুমার নন্দী মামলাটি পরিচালনা করেন।