ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম বেলাল হোসেন (৩১)। মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালে বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় ওই তরুণীর (২৬)। এরপর বেলাল বিয়ের কথা বলে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। একপর্যায়ে বেলাল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ২০১৪ সালের ২৬ জুন ওই তরুণী বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এরপর একই বছরের ১০ অক্টোবর পুলিশ বেলাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলাটির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো বলেন, মামলা চলাকালে মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ছয় বছরের মাথায় এই রায় ঘোষণা করা হয়েছে।