ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৩) অপহরণ করে ধর্ষণের দায়ে দুটি পৃথক ধারায় মো. আবদুর রাজ্জাক (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের শিকার ছাত্রীকে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন আজ সোমবার বিকেলে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবদুর রাজ্জাক ঝিনাইগাতী উপজেলার জোনাব আলীর ছেলে। আদালতের নির্দেশে বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি উপজেলার লয়খা গ্রামের মো. দুলাল মিয়াকে খালাস দেন আদালত।

আদালতে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১১ মে সকালে ওই ছাত্রী তাদের ঝিনাইগাতীর বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আবদুর রাজ্জাক তাকে অপহরণ করে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ২৭ মে ঝিনাইগাতী থানা-পুলিশ গাজীপুরের জয়দেবপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ওই বছরের ১৬ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজ্জাকসহ চারজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার আসামি আবদুর রাজ্জাক ও দুলাল মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া ও আসামিপক্ষে দীপক কুমার মালাকার মামলাটি পরিচালনা করেন। পিপি গোলাম কিবরিয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী দীপক মালাকার বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।