ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
পাঁচ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রাজধানীর মিরপুরের হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিনা ইসমাইল এ রায় ঘোষণা করেন। ঘটনার প্রায় এক বছর দুই মাসে এ মামলার রায় ঘোষণা করা হলো।
একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত আসামিকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে তাঁকে আরও তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। আদালত জরিমানার দুই লাখ টাকা থেকে এক লাখ টাকা ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন মিনহাজ উদ্দিন। পশ্চিম শেওড়াপাড়ায় হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের আরবির শিক্ষক ছিলেন তিনি। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর গ্রামের প্রয়াত এনায়েত হোসেনের ছেলে তিনি। শিশুটি একটি স্কুলের প্লে গ্রুপের ছাত্রী ছিল।
রায় ঘোষণার আগে আসামি মিনহাজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৫ মার্চ তিনি গ্রেপ্তার হন।
রায়ে বলা হয়, আসামি মিনহাজ একজন আরবির শিক্ষক। শিক্ষকতা একটি আদর্শ পেশা। শিক্ষক হিসেবে তাঁর দায়িত্ব ছিল শিক্ষার্থীদের ‘সর্বোত্তম’ নৈতিকতার শিক্ষা দেওয়া। কিন্তু তিনি সেই শিক্ষা না দিয়ে নিজেই অনৈতিক কর্মে জড়িয়ে গেছেন। এটা ক্ষমার অযোগ্য।
রায়ে আরও বলা হয়, আসামি শিক্ষক হয়েও পাঁচ বছরের অবুঝ শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাথরুমে নিয়ে ধর্ষণ করে যে পশুত্ব দেখিয়েছেন, তাতে কেবল শিক্ষক সমাজই নয়, পুরো মানব সমাজের বিশ্বাস ভূলুণ্ঠিত হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে নয়জন সাক্ষী উপস্থাপন করেছে। তাই আসামি মিনহাজ উদ্দিনকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।
আদালত রায় ঘোষণার পর আসামি মিনহাজের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আলী আজগর। বাদীপক্ষকে আইনগত সহায়তা দেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১১ মার্চ স্কুলছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে স্কুলের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক মিনহাজ উদ্দিন। রক্তক্ষরণের পর শিক্ষক পালিয়ে যান। শিশুটি বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাটি মাকে জানায়। এ ঘটনায় শিশুটির বাবা মিরপুর থানায় ধর্ষণ ও শিশু নির্যাতন আইনে শিক্ষককে আসামি করে মামলা করেন।