ধর্ষণের দায়ে সেনাসদস্যের যাবজ্জীবন
এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে মনিরুজ্জামান (৩২) নামে চাকরিচ্যুত এক সেনাসদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
একই সঙ্গে ওই ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুকে ২১ বছর বয়স হওয়া পর্যন্ত রাষ্ট্রকে ভোরণপোষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম গতকাল রোববার বিকেলে এই রায় দেন। মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ অক্টোবর নাটোরের লালপুর উপজেলার ধুপইল গ্রামে এক কলেজছাত্রী তাঁর বান্ধবীর বাসায় বেড়াতে যায়। রাতে ওই বান্ধবীর ভাই মনিরুজ্জামান কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে মনিরুজ্জামান তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
তখন ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। এতে কলেজছাত্রীর বান্ধবী ও তাঁর ভাইকে আসামি করা হয়। পরে ধর্ষণের শিকার মেয়েটি সন্তান জন্ম নিলে ডিএনএ পরীক্ষায় মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আদালতে দীর্ঘদিন ধরে চলা সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মনিরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নাটোরের জেলা প্রশাসককে আগামী ছয় মাসের মধ্যে ওই অর্থ আসামির সম্পদ বিক্রি করে আদায়ের নির্দেশ দেওয়া হয়।
আর বিক্রি করা অর্থ ধর্ষণের শিকার মেয়েটিকে দেওয়ার নির্দেশ দেন আদালত। ধর্ষণের ঘটনার সময় মনিরুজ্জামান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এ কারণে তিনি চাকরিচ্যুত হন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি নিশাত সুলতানা বানুকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান কারাগারে থাকায় তাঁকে গতকাল রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি শাহজাহান আলী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বোনের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই এই রায়ের মাধ্যমে মেয়েরা যেমন সতর্ক হবে, তেমনি অপরাধীরাও হুঁশিয়ার হবে।
তবে আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।