ধর্ষণের দুই মামলায় দুই আসামির কারাদণ্ড
চট্টগ্রামে শিশু ধর্ষণের পৃথক দুই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন মো. নাসিরুদ্দিন ও আজম খান। তবে দুই মামলার দুই আসামিই পলাতক। এঁদের মধ্যে নাসিরুদ্দিনের বাড়ি চন্দনাইশ উপজেলায়। আজম খানের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
আদালত সূত্র জানিয়েছে, ১৯৯৯ সালের ৯ এপ্রিল চন্দনাইশে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করে নাসিরুদ্দিন। এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে থানায় মামলা করেন। অন্যদিকে ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর সাতকানিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে আজম খান। এ ঘটনার পরদিন শিশুটির দাদি বাদী হয়ে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।