ধর্ষণের পর আত্মহনন সালিসকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বড়ৈখালী ইউনিয়নে ধর্ষণের পর কলেজছাত্রীর আত্মহননের ঘটনায় গত শনিবার রাতে পুলিশ সালিসকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালামকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সালাম (৫৫), সালিসকারী ইউপির দুই সদস্য আবুল কালাম, জাহার হোসেন, ইউপির সাবেক সদস্য হাবিবুর রহমান ও সালিসকারী সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা গ্রহণ করে।
তবে মামলায় মূল সালিসকারী আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনের নাম নেই। মামলাটি করেন ছাত্রীর মা মোসাম্মৎ কানন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (১৮) ১২ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বাড়িতে একা ছিল। এই সুযোগে তাকে ধর্ষণ করেন তার বাবার বন্ধু সালাম। এলাকাবাসী সালামকে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন।
পরে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা তোফাজ্জাল হোসেনসহ স্থানীয় মাতব্বরেরা সালিস বৈঠক করে সালামকে তিন লাখ টাকা জরিমানা করেন। এ সময় সালিসকারীরা ইয়াসমিনকে অপমানও করেন। এতে অভিমানে সে আত্মহত্যা করে।
ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে ইয়াসমিনের সহপাঠী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে বাড়ৈখালী গ্রামে সালামের বাড়িঘর ভাঙচুর করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিষয়টি পুলিশকে না জানিয়ে ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী বিষয়টি সালিস করে মীমাংসার চেষ্টা করেন। আর আত্মহত্যার ঘটনায় প্রথমের থানায় অপমৃত্যুর মামলা হয়। পরে তদন্ত করে শনিবার রাতে ধর্ষণের মামলা গ্রহণ করা হয়।
ওসি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানান তিনি। মূল সালিসকারীকে আসামি না করা প্রসঙ্গে তিনি বলেন, এজাহারে কারও নাম বাদ পড়লে তদন্ত করে আবার সেই নাম অন্তর্ভুক্ত করা হবে।
যোগাযোগ করেও এ বিষয়ে আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।