ধর্ষণের পর আদিবাসী গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণ ও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার শিলেঝিড়িপাড়ার একটি খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম দিলদার হোসেন। তার বাড়ি উপজেলার গর্জনিয়া গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বৃহস্পতিবার স্থানীয় থানায় দিলদার হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই আদিবাসী গৃহবধূ (২২) বৃহস্পতিবার একটি খামারে কাজ করতে গিয়েছিলেন। এ সময় সঙ্গে তাঁর এক সন্তান (৩) ও দেবর (৮) ছিল। ওই গৃহবধূর স্বামী তাঁদের এখানে রেখে কাজ করতে গিয়েছিলেন। এ সুযোগে পাঁচ দুর্বৃত্ত ওই খামারে এসে দেবরকে আটকে রেখে তার ভাবিকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময়ে তাঁর দেবর আটকাবস্থা থেকে নিজেকে কৌশলে মুক্ত করে তাঁকে জড়িয়ে ধরে। এতে সে বেঁচে গেলেও ওই গৃহবধূর ডান হাত কেটে যায়। এ সময় চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, গৃহবধূর হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আঘাতের স্থানে আটটি সেলাই দেওয়া হয়েছে।