ধর্ষণের পর গৃহবধূকে এসিড ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ
সাতক্ষীরার সদর উপজেলার গাজীপুর গ্রামের এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। পরে তাঁর শরীরে এসিড ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাজীপুর গ্রামের ওই গৃহবধূর (৩০) স্বামী বৃহস্পতিবার সন্ধ্যার পর ছনকা বাজারে যান। স্বামীর ফিরতে দেরি হওয়ায় ওই গৃহবধূ তাঁর দুই সন্তানকে ঘুমাতে বলে নিজে ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় গাজীপুর গ্রামের রবিউল ইসলাম, ছনকা গ্রামের মোস্তাফিজুর রহমান ও মুজিবর মিস্ত্রী সেখানে গিয়ে তাঁর মুখ কাপড় দিয়ে বেঁধে তাঁকে বাড়ির পেছনের একটি পাটখেতে নিয়ে যায়। সেখানে তারা তাঁকে ধর্ষণ করে। ধর্ষকেরা চলে যাওয়ার আগে তাঁর গোপনাঙ্গে এসিড ঢেলে দেয়। এতে তাঁর গোপনাঙ্গ ও ঊরু ঝলসে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুল্লাহ জানিয়েছেন, ওই গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ ঢালা হয়েছে। তবে কী ধরনের পদার্থ, তা পরীক্ষা না করে বলা যাবে না।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী খান জানান, এ ঘটনায় ওই গৃহবধূর মা তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।