ধর্ষণের পর বিয়ে করলেও ঘরে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এক তরুণী অভিযোগ করেছেন, প্রভাবশালী এক ব্যক্তি কয়েক মাস আগে তাঁকে অপহরণের পর ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ে করলেও ঘরে নিচ্ছেন না। এ নিয়ে মামলা করায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে এক মাস ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল বুধবার কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তরুণী এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে ওই তরুণী জানান, তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। গত ২৫ ডিসেম্বর উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের বাবলু জোয়ার্দার তাঁকে (তরুণী) অপহরণ করে খুলনার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে বাবলু তাঁকে ধর্ষণ করেন। একপর্যায় ওই হোটেলেই তাঁকে বিয়ে করেন বাবলু।তরুণী অভিযোগ করে জানান, বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। একপর্যায়ে তিনি স্ত্রী হিসেবে ঘরে তুলে নেওয়ার জন্য বাবলুকে বলেন। কিন্তু বাবলু তখন তাঁকে স্ত্রী পরিচয় দিতে অস্বীকার করেন এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেন। এর পর থেকেই নানাভাবে তাঁর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছেন বাবলু। এক মাস ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন।অভিযোগ আছে, ওই তরুণী শৈলকুপা থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ গড়িমসি করে। স্থানীয় সাংসদদের নির্দেশে গত ২৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয় শৈলকুপা থানা। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ বাবলুকে গ্রেপ্তার করতে পারেনি। সংবাদ সম্মেলনে ওই তরুণীর মামা ও চাচা উপস্থিত ছিলেন। তাঁরা বাবলু জোয়ার্দারকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।