ধর্ষণের পর লজ্জায় আত্মহত্যার চেষ্টা
কয়েক দিন পরই বিয়ের কথা ছিল ১৮ বছর বয়সী মেয়েটির। এরই মধ্যে ছেলের পরিবারের লোকজন এসে তাঁকে দেখে গেছে। কিন্তু ২১ জুলাই রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের একদল দুর্বৃত্ত হবু বরের খালাতো ভাইয়ের সামনে তাঁকে ধর্ষণ করে। এ ঘটনায় ক্ষোভে মেয়েটি রাতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের খোয়াজপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন টাঙ্গাইল জেলার সিদ্দিক মিয়া। তাঁর ছেলে রুবেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সূত্র ধরে দুই দিন আগে উভয় পরিবারের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়। ঘটনার দিন সন্ধ্যায় রুবেলের খালাতো ভাই বিয়ের আনুষঙ্গিক বিষয়ে কথা বলার জন্য মেয়ের বাড়িতে যান। সেই সময় বাড়িতে পরিবারের অন্য সদস্যরা ছিল না।এ সুযোগে এলাকার ১০-১২ জন বখাটে ঘরে ঢুকে চান মিয়াকে আটকে রেখে ওই মেয়েকে ধর্ষণ করে চলে যায়। ক্ষোভে মেয়েটি রাতেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করেন। মেয়ের পরিবারের অভিযোগ, ঘটনার দুই দিন পর গ্রামে সালিস বসে। সালিসে ধর্ষকদের কয়েকজন উপস্থিত থাকলেও স্থানীয় মাতাব্বরেরা তাদের বিচার না করে উল্টা রুবেলের বাবা সিদ্দিক মিয়াকে ধরে আনেন এবং রুবেলের খালাতো ভাইয়ের সঙ্গে মেয়ের আপত্তিকর সম্পর্ক রয়েছে বলে প্রচার করেন। একপর্যায়ে প্রতিবাদের মুখে সালিস বৈঠক ভেঙে যায়।মেয়ের মা বলেন, ‘কদিন পরই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। যাদের জন্য আমার মেয়ের এই অবস্থা আমি তাদের বিচার চাই।’খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহামঞ্চদ আলী বলেন, এ ঘটনায় কোনো সালিস হয় না। আইনের মাধ্যমে বিচার হওয়া দরকার। মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শেখ রাসেল বলেন, মেয়ের বাবা কিংবা ভাই অভিযোগ দিলেই মামলা নেওয়া হবে। দ্রুত অপরাধীদের ধরে আইনের মাধ্যমে শাস্তির দেওয়ার ব্যবস্থা করা হবে।