ধর্ষণের পর শহরছাড়া
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা এজাহার মামলা হিসেবে না নিয়ে সালিসের মাধ্যমে তা ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। সালিসে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওই টাকা কিশোরীর পরিবারকে দিয়ে এলাকাছাড়া করেছেন মেয়র তোফাজ্জেল হোসেন।এ বিষয়ে মেয়র বলেন, ‘মেয়েটির চরিত্র ভালো না, এ কারণে তাঁর কাছে মনে হয়েছে ধর্ষণের বিষয়টি সত্য নয়।’ তা হলে কেন অভিযুক্তকে জরিমানা করা হলো—জানতে চাইলে তিনি বলেন, মেয়েটিকে এলাকা থেকে চলে যাওয়ার জন্য ওই টাকা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগের বিচার করার আইনগত বৈধতার বিষয়ে মেয়র বলেন, এলাকার লোকজনের সাক্ষ্য ও ঘটনার বর্ণনায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি সালিস করেছেন।ধর্ষণের শিকার কিশোরীর অভিযোগ, সান্তাহার শহরের রেলওয়ে লোকো কলোনি বস্তি এলাকার এক তরুণ ১৮ সেপ্টেম্বর একা পেয়ে তাকে ধর্ষণ করে। এ বিষয়ে সে ২১ সেপ্টেম্বর থানায় এজাহার দেয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এজাহারটি যাচাইয়ের জন্য সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) মিজানুর রহমানকে দায়িত্ব দেন। টিএসআই রাতেই বিদ্যুতকে আটক করেন। হাজতে আটক থাকা অবস্থায় ২২ সেপ্টেম্বর দুপুরে পৌর কার্যালয়ে মেয়র তোফাজ্জল হোসেন বিষয়টি নিয়ে সালিস বসিয়ে বিদ্যুতকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। সালিসে টিএসআই মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।কিশোরীর বাবা বলেন, ‘এলাকার মাতব্বররা আমাদের মেয়রের কাছে নিয়ে যান। সেখানে মেয়র ও পুলিশ উপস্থিত থেকে সালিস করে বিদ্যুতকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওই টাকা আমার মেয়েকে দিয়ে সান্তাহার শহর থেকে চলে যাওয়ার হুকুম দেন।’ গতকাল রোববার কিশোরীর বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, তারা শহর ছেড়ে চলে গেছে।শাহজাদ আলম নামের স্থানীয় এক আইনজীবী বলেন, ধর্ষণের কোনো অভিযোগ স্থানীয়ভাবে আপস-মীমাংসা করার এখতিয়ার কারও নেই। টিএসআই মিজানুর রহমান জানান, ঘটনাটি ধর্ষণ নয়, মেয়েটির চারিত্রিক ত্রুটি আছে।