রাজধানীর মিরপুরে ধর্ষণের পর এক শিশুকে হত্যা ঘটনার মামলার কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শনিবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।গত শুক্রবার বিকেলে মিরপুরের শাহ আলী থানার হাজী রোডের ঝিলপাড় বস্তির এক বাসা থেকে ১০ বছরের শিশু ফারজানা আক্তার ওরফে চাঁদনির লাশ উদ্ধার করে পুলিশ। ফারজানার মা নার্গিস আক্তারের অভিযোগ, ঝিলপাড় বস্তির কয়েকজন তাঁর মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। ঘটনার পর তিনি শাহ আলী থানায় স্থানীয় রাজু, খোকন, ইসমাইলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ফারজানার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান কাজী গোলাম মোখলেসুর রহমানের নেতৃত্বে লাশের ময়নাতদন্ত হয়। মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে।এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতা-কর্মীরা। গতকাল পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়।