ধর্ষণের পর শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ২০০৬ সালে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন বগুড়ার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার বিদ্যুৎ (২৭) এবং একই এলাকার রবিউল ইসলাম (২৭)। তাঁদের প্রত্যেককেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার খোরশেদ আলমের ছয় বছরের মেয়ে খুশি বেলা একটার দিকে বাড়ির পাশের ফকির উদ্দিন স্কুলের মাঠে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে জনৈক আফজাল হোসেনের বাঁশঝাড়ে ওড়না প্যাঁচানো ও ঝুলন্ত অবস্থায় খুশির লাশ পাওয়া যায়।

খুশির বাবা খোরশেদ ওই দিনই বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই সময়েই সন্দেহবশত বিদ্যুৎ ও রবিউলকে গ্রেপ্তার করে। পরে ওই বছরেরই ৩০ মে এই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খন্দকার ফুয়াদ রোহানী।

১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন বিচারক এস এম সাইফুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী হায়দার আলী এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি মনতেজার রহমান।