ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শায়লা জাহান শিমুকে (১৪) ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশ হাসপাতালে রেখে পালিয়েছে।গত শুক্রবার রাত আটটায় শিমুর লাশ গৌরীপুরে অবস্থিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নেওয়া হয়। নিহত শিমুর গ্রামের বাড়ি হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের উবদি গ্রামে। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে আনা হয়।এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা আড়াইটার দিকে কুমিল্লার হোমনা উপজেলার উবদি গ্রামের শাহজাহান মুন্সী ও সাহিদা বেগমের মেয়ে শিমু পার্শ্ববর্তী বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়েল উচ্চবিদ্যালয়ে কোচিং করতে যায়। বিকেল চারটার দিকে শিমুর চাচা শাহিজুদ্দিন বাড়িতে শিমুর মায়ের কাছে ফোন করে তার বাড়ি ফেরার কথা জানতে চান। তখন শিমুর মা জানান, শিমু বাড়ি ফেরেনি। এর কয়েক মিনিট পরেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন ফোন করে জানান, শিমুর লাশ হাসপাতালের মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে শিমুর মা সাহিদা বেগম ও চাচা শাহিজুদ্দিন হাসপাতালে যান। ওই সময় তাঁরা হাসপাতালে বাতাকান্দির শাহজালালকে দেখতে পান। শাহজালাল তাঁদেরকে জানান, দক্ষিণ আখালিয়া গ্রামের কেব্ল অপারেটর মোবারক হোসেন তাঁর মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর শিমুকে হাসপাতালে তাঁর কাছে রেখে চলে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শাহজালালকে আটক করে। রাতে শিমুর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই হোমনা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিতাস থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ অপমৃত্যুর মামলা নেয়।এদিকে গতকাল শনিবার কুমিল্লা মেডিকেল কলেজে শিমুর মরদেহের ময়নাতদন্ত হয়। বিষ অথবা বড়ি খাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। শিমুর পরিবার থেকে দাবি করা হয়, শিমুকে ধর্ষণের পর হত্যা করে লাশ হাসপাতালে ফেলে যায় বখাটে মোবারক। নিহত শিমু তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয়।এলাকাবাসী জানান, কেব্ল অপারেটরের কাজ করতে গিয়ে শিমুর সঙ্গে পরিচয় হয় মোবারকের। এরপর তাদের মধ্যে প্রেম হয়। শিমুর বাবা-মা এতে বাধা দিলে মোবারক ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শিমুকে তুলে নেওয়ার হুমকিও দেয়। এরই পরিপ্রেক্ষিতে ওই ঘটনা ঘটতে পারে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন ভূঁইয়া বলেন, ‘শুক্রবার সকালেও মেয়েটি স্কুলে এসেছিল। তার মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। আমরা শুনেছি যে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আবার বড়ি খেয়ে আত্মহত্যার কথাও শুনেছি। এর পরও আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।’তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম তালুকদার বলেন, ‘মেয়েটির সঙ্গে কেব্ল অপারেটর মোবারকের প্রেম ছিল। মেয়েটির বাবা-মা এতে বাধা দেওয়ায় কিছু একটা হয়েছে। তাই আমরা অপমৃত্যুর মামলা নিয়েছি।’ঘটনার পর মোবারক গা ঢাকা দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এলাকার একটি প্রভাবশালী মহল ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এটিকে আত্মহত্যা বলে প্রচার করছে।