ধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জাকির হোসেন (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত বুধবার এ ঘটনা ঘটে।নিহত ওই স্কুলছাত্রীর নাম রেশমা খাতুুন (৭)। সে আমডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী এবং অভয়নগর উপজেলার আলমডাঙ্গা গ্রামের হারুন মোল্লার মেয়ে। এ ঘটনায় নিহত রেশমার মা তাসলিমা বেগম বখাটে জাকিরকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেছেন। নারী ও শিশুনির্যাতন দমন আইনে বৃহস্পতিবার মামলাটি করা হয়।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রেশমা ছুটির পর গত বুধবার বিদ্যালয় থেকে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় আলমডাঙ্গা গ্রামের হান্নান মোল্লার ছেলে জাকির হোসেন তাকে পেঁপে খাওয়ার জন্য ডাক দেয়। রেশমা বাড়ি গিয়ে বই রেখে তার মাকে পেঁপে খেতে যাওয়ার কথা বলে জাকিরের কাছে যায়। দুপুর ১২টার দিকে জাকির তাকে একই গ্রামের নূর মোহাম্মদের কুলবাগানে নিয়ে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করে। বেলা একটায় পাশের বাড়ির সাদেক আলীর স্ত্রী আছিয়া বেগম স্কুলছাত্রী রেশমাকে পড়ে থাকতে দেখে তার দাদা হাফিজুর রহমানকে খবর দেন। হাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন। পরে তিনি রেশমাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিঠু রানী দাস জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসামি জাকিরকে বৃহস্পতিবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।