ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে সখিপুর থানাকে মামলাটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে এ উপজেলার বাসিন্দা নুর আলম, তাঁর বাবা ইমামুল ছৈয়াল, ভাই শাহাজালাল ছৈয়াল ও আত্মীয় সাহাবুদ্দিন খাঁকে।

আরজি সূত্রে জানা যায়, ১৫ বছরের ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। একই গ্রামের কলেজছাত্র নুর আলম তাকে উত্ত্যক্ত করত। ১১ জুন রাতে সে ছাত্রীটির ঘরে ঢোকার চেষ্টা করে। পরিবারের সদস্যরা দেখে ফেলায় সে পালিয়ে যায়। পরদিন বিকেলে ছাত্রীটি বাড়ি থেকে কিছুটা দূরে চাচার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। সেখানে রাতে তার দাদির সঙ্গে থাকার কথা ছিল। পরের দিন ভোরবেলা তার মা বসতবাড়ির রান্নাঘরের পেছনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নুর আলম ধর্ষণের পর তাকে হত্যা করেছে। কিন্তু সখিপুর থানা-পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করে। এ ঘটনায় ১৫ জুন প্রথম আলোয় ‘স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

ছাত্রীটির মা প্রথম আলোকে বলেন, ‘নুর আলম আমার মেয়েকে বিরক্ত করত। তাকে অনেকবার বারণ করেছি। সে শুনত না। সে আমার মেয়েকে বাড়ির পাশে পাটখেতে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়েছে। তারপর হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়। পাটখেতে অত্যাচারের অনেক আলামত পাওয়া গেছে। থানায় মামলা না নেওয়ায় বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি।’

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহশান শাহ বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে এমন অভিযোগ পেয়ে অপমৃত্যু মামলা নেওয়া হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। আদালত যেহেতু মামলা এফআইআর করার নির্দেশ দিয়েছেন, সে অনুযায়ী নেওয়া হবে। দুটি মামলারই তদন্ত করা হবে।