ধর্ষণের পর হত্যার দায়ে একজনের ফাঁসি
মৌলভীবাজারে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মো. মোতাহির আলী গতকাল সোমবার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এতোয়া মোড়া (৬৩)। তিনি জেলার কমলগঞ্জ উপজেলার করাতি গ্রামের রাম মোড়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৭ অক্টোবর কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের আশরফ আলীর মেয়ে জাহেরা খাতুনকে (৪৫) ধর্ষণের পর হত্যা করে আসামি। এই ঘটনায় জাহেরা খাতুনের ভাই রুশন আলী পরদিন ২৮ অক্টোবর কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ বিধান) আইনে এতোয়া মোড়াসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর গতকাল আদালত রায়ে এতোয়া মোড়াকে ফাঁসি ও বাকি চারজনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার পর এতোয়া মোড়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মো. জাহাঙ্গীর আলম গতকাল সোমবার একজনকে ফাঁসি ও চারজনকে বেকসুর খালাস দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।