ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আকলিমা আক্তার (২২) নামের এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে মিজান (৩০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুল রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় মিজান আদালতে ছিলেন। তিনি ফরিদপুর সদর উপজেলার শৈলডুবি গ্রামের বাসিন্দা।

আদালতের নথি থেকে জানা গেছে, ২০১১ সালের ১১ ডিসেম্বর আকলিমাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরের খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে ভাঙ্গা থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। মিজানসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল মিয়া। অপর তিন আসামি হলেন বিলভড়া গ্রামের মো. ফরহাদ (২৯) ও রুবেল (৩১) এবং মাসুম বিল্লাহ (২৭)। পুলিশ পরে ঢাকার দোহার এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি বাবু মোল্লা বলেন, আদালত ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মিজানকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।