ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আকলিমা আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে মিজান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুল রহমান এ আদেশ দেন। আদালত একই সঙ্গে মিজানকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজান (৩০) রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের বাসিন্দা। আকলিমা আক্তার ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের বাসিন্দা।
আদালতের নথি সূত্রে জানা গেছে, আকলিমার সঙ্গে মিজানের আগে থেকেই পরিচয় ছিল। গত ২০১১ সালের ১১ ডিসেম্বর মিজান আকলিমাকে ফোন করে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় নিয়ে আসেন। এরপর তাঁকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের বিলভড়া গ্রামের জনৈক গৌরাঙ্গ শীলের বাড়ির কুয়ার মধ্যে ফেলে দেন। ১২ ডিসেম্বর বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল মিয়া মিজানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেন। পুলিশ পরে ঢাকার দোহার এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) বাবু মোল্লা বলেন, তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।