ধর্ষণের পর হুমকি
বরিশালের উজিরপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছে এক বখাটে। এ সময় বখাটের সহযোগীরা ঘটনার ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করেছে। বিষয়টি কাউকে জানালে বখাটেরা ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে ঘটনার শিকার ছাত্রীটি। লোকলজ্জার ভয়ে গত রোববার ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উজিরপুর থানায় মামলা হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার একটি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীকে একই এলাকার রাব্বি হাওলাদার (২২) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিসে রাব্বিকে শাসিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ১০ নভেম্বর রাব্বি ওই ছাত্রীকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত শনিবার রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে রাব্বি ও তার সহযোগীরা মুখে কাপড় গুঁজে তাকে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে বখাটে রাব্বি তাকে ধর্ষণ করে এবং তার সহযোগী উজ্জ্বল (২৩) ও কুদ্দুস হাওলাদার (৩২) মুঠোফোনে সেই চিত্র ধারণ করে। এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ওই মেয়েটির অভিযোগ, এ বিষয়ে মুখ খুললে ও বখাটেদের কথামতো কাজ না করলে ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মেয়েটির ভাই জানান, লোকলজ্জার ভয়ে তাঁর বোন রোববার দুপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় গত রোববার রাব্বি, উজ্জল ও কুদ্দুসকে আসামি করে ওই ছাত্রীর ভাই উজিরপুর থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, বিষয়টি নিশ্চিত হতে মেয়েটির ডাক্তারি পরীক্ষা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও ধারণ করা ভিডিও উদ্ধারের জোর চেষ্টা চলছে।