ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেশী দেশসহ সম্প্রতি সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ‘আসুন ধর্ষণকে না বলি’ শীর্ষক এই কর্মসূচি পালন করে বিভাগটি।সকাল ১০টায় বিভাগে সাম্প্রতিক সময়ে ধর্ষণের শিকার সব নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করা হয়। এরপর তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ‘উইমেন্স মুভমেন্ট’ কোর্সের ক্লাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, ভারতের নয়াদিল্লি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের যে ঘটনা ঘটছে, তা বন্ধে তরুণদেরই উদ্যোগী হতে হবে।সভায় বিভাগের চেয়ারম্যান তানিয়া হক, কোর্স শিক্ষক মালেকা বেগম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী বক্তব্য দেন। বিভাগের শিক্ষক আয়েশা বানু, হেলাল হোসেন ঢালী, অদীতি সবুর, ইশরাত খান ও মাইনুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।