জয়পুরহাটের কালাইয়ের স্কুলছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছে বলে আলামত পেয়েছেন চিকিৎসকেরা। মেয়েটি ছয় দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। অস্ত্রোপচারের পাঁচ দিন পার হলেও গতকাল শনিবার পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে এখনো চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট পাওয়া যায়নি।’
পরিবারের সদস্যরা বলেছেন, দুই কক্ষের বাড়ির একটি কক্ষে রাতে একা ঘুমাত নবম শ্রেণির ওই ছাত্রী। পাশের কক্ষে থাকত মা-বাবা ও ছোট দুই ভাই। গত ২৩ ডিসেম্বর ভোরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। সেদিন থেকে মেয়েটি অচেতন অবস্থায় আছে।
মেয়েটির শারীরিক অবস্থা জানতে গতকাল দুপুরে কথা হয় আইসিইউর কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে। তিনি বলেন, বৃহস্পতিবারের পর আর লাইফ সাপোর্ট লাগেনি। হৃৎস্পন্দন, রক্তচাপ ভালো। কিন্তু জ্ঞানের মাত্রা কম। এ রকম জখমের ক্ষেত্রে রোগীর জ্ঞান ফিরতে আরও সময় লাগতে পারে। তবে রোগীকে এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এই চিকিৎসক আরও বলেন, আঘাতে মেয়েটির মস্তিষ্কের চারপাশের পর্দা ছিঁড়ে গেছে, টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার তালুর হাড়ও ভেঙে বসে গেছে। এ ছাড়া মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। চোখে-মুখে রয়েছে আঘাতের চিহ্ন।
সন্দেহভাজন হিসেবে ওই ঘটনায় গত বৃহস্পতিবার বানদীঘি গ্রামের মো. মাহাবুল (৪০) ও এযাবুল সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে কালাই থানার পুলিশ। তাঁরা দুজনেই ওই ছাত্রীর প্রতিবেশী।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ প্রথম আলোকে বলেন, রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যাবে।
গতকাল দুপুরে মেয়েটির মায়ের সঙ্গে কথা হয় আইসিইউর সামনে। তিনি দিন-রাত অধীর অপেক্ষা করছেন মেয়ের জ্ঞান ফেরার। তিনি প্রথম আলোকে বলেন, ‘কখন মা বলে ডাকবে। এ কারণে বইসে আছি। ডাক্তার মেয়ের কাছে বেশি যাইতে দিচ্ছে না। আল্লাহ রহম করুক।’ তিনি আরও বলেন, মেয়ের বাবা কৃষিকাজ করে। চিকিৎসার জন্য এই কয় দিনে ৫০ হাজার টাকা ধার করতে হয়েছে।
মানববন্ধন
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি জানান, কালাইয়ে স্কুলছাত্রীকে আহত করার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল উপজেলার মাত্রাই বাজারে মানববন্ধন হয়েছে। মাত্রাই নাগরিক কমিটির ব্যানারে ওই মানববন্ধনে মাত্রাই ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন মাত্রাই ইউপির চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার, মাত্রাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।