ধর্ষণের ফলে শিশু অন্তঃসত্ত্বা, তিনজনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে ধর্ষণের ফলে ১৩ বছর বয়সের এক শিশুর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই শিশুর বাবা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। বিচারক মো. আতাবুল্লাহ মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।
মামলায় সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের নুরু মিয়া (৪৫), টুকু শেখ (৫৫) ও ইয়ার আলীকে (২৫) আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, ‘আমরা আদালতের নির্দেশনার প্রতিবেদন এখনো হাতে পাইনি। প্রতিবেদন পাওয়ার পর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার আরজি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা ও মা অন্যের জমিতে কাজ করেন। সে ঘরের কাজ ছাড়াও গরুর জন্য ঘাস কাটা, দোকান থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনে আনাসহ যাবতীয় কাজ করে। এসব করতে গিয়ে তিন দফায় ওই তিন আসামি তাকে ধর্ষণ করে। ভয়ে সে বিষয়টি বাড়ির কাউকে জানায়নি। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সে অসুস্থ হয়ে পড়ে। ৮ জুলাই ফরিদপুর জেনারেল হাসপাতালে আলট্রাসনোগ্রাম করে জানা যায় যে শিশুটি চার মাসের অন্তঃসত্ত্বা।
শিশুটির বাবা জানান, ‘মেয়ের কাছ থেকে এ ঘটনা জানার পর আমি মামলা করার উদ্যোগ নিলে ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক আমাকে বলেন, সালিস করে অপরাধীদের বিচার করা হবে, মামলা করার প্রয়োজন নেই। ১৩ জুলাই রাতে ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলামের বাড়িতে সালিস বসে।
সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সালিস বৈঠকে অভিযুক্ত তিন ব্যক্তিই উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তাঁরা প্রত্যেকে ওই সভায় এক হাজার টাকা দিয়ে বায়না করেন। এরপর এ বিষয়ে আর কিছু হয়নি।