ধর্ষণের বিচার এভাবে!
মাদারীপুরের কালকিনিতে গত ২৫ জুন এক কিশোরী (১২) ধর্ষণের শিকার হয়। ওই কিশোরীর পরিবার থানায় মামলা করতে চেয়েছিল। কিন্তু স্থানীয় মাতব্বরদের বাধায় তারা ওই সময় মামলা করতে পারেনি। এ ঘটনায় সালিসের আয়োজন করেন মাতব্বরেরা। গত ৩০ জুনের ওই সালিসে ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ২০ হাজার টাকা কিশোরীর পরিবারকে এবং বাকি টাকা সালিসকারীদের দেওয়ার সিদ্ধান্ত হয়।ওই কিশোরীর পরিবার জানায়, গত ২৫ জুন চরলক্ষ্মীপুর চাকলাদারকান্দি গ্রামের মেসের সরদারের ছেলে কামাল সরদার (২৩) স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এসে কামালকে আটক করে। এ সময় ওই গ্রামের কয়েকজন মাতব্বর সালিসের মাধ্যমে ওই ঘটনার বিচার করার আশ্বাস দিয়ে এলাকাবাসীর কাছ থেকে কামালকে ছাড়িয়ে নিয়ে যান। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের বিচারের জন্য গত ৩০ জুন সন্ধ্যায় কামাল সরদারের বাড়িতে সালিস বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় মাতব্বর মারুফ টেডনসহ কয়েকজন উপস্থিত ছিলেন। তাঁরা ধর্ষণের দায়ে কামাল সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে সালিসকারীদের খরচ বাবদ ১০ হাজার এবং ওই কিশোরীকে ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ঘটনার পর নিরাপত্তার অভাবে ওই কিশোরী তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। ওই কিশোরী জানায়, সালিসে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা সে মেনে নেয়নি। এ ঘটনায় তারা গতকাল শনিবার থানায় মামলা দায়ের করেছে।মাতব্বর মারুফ টেডন জানান, মেয়েটিকে বিয়ে দিতে হবে, তাই ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা সালিস খরচ এবং বাকি ২০ হাজার টাকা ওই কিশোরীকে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তিনি ওই কিশোরীর পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।