ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা
প্রেমের ফাঁদে ফেলে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ তুলে এক স্কুলছাত্রীর মা-বাবা গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার চাইতে গিয়েছিলেন। সালিসে মাতব্বরেরা বিচার তো করেনইনি, বরং ২৫ হাজার টাকা যৌতুক দাবি করে ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত রিকশাচালকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। এতে লজ্জা ও ক্ষোভে ওই ছাত্রী আত্মহত্যা করে।সদর থানা-পুলিশ সোমবার দুপুর ১২টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকার মানুষ এ ঘটনার বিচার দাবি করেছেন। হতভাগ্য ছাত্রীর নাম হাসনা বেগম। সে কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত। তার বাবার নাম হাছেন আলী। বাড়ি কুড়িগ্রাম শহরের পার্শ্ববর্তী হরিকেশ কানিপাড়া গ্রামে।ছাত্রীর পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর বিকেলে চরহরিকেশ এলাকার রিকশাচালক আনোয়ার (২৮) বাড়ি থেকে কোচিং সেন্টারে যাওয়ার সময় হাসনা বেগমকে তুলে নিয়ে যান। রোববার রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি দোকান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।বিষয়টি জানতে পেরে তার মা-বাবা আটকে রেখে ধর্ষণের ঘটনার বিচারের জন্য গ্রাম্য মাতব্বরদের দ্বারস্থ হন। এ নিয়ে রোববার রাতে আবদার হোসেনের বাড়িতে আনোয়ারকে ছাড়াই সালিস বৈঠক বসে। সালিসে হাসনার সঙ্গে আনোয়ারের বিয়ে দেওয়ার জন্য তাঁর বাবার কাছে ২৫ হাজার টাকা যৌতুক দাবি করা হয়। হাছেন আলী রাজি না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।নাম প্রকাশে অনিচ্ছুক আনোয়ারের এক আত্মীয় জানান, আনোয়ার হাসনাকে রাজাহাট উপজেলার তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে রেখেছিলেন। হাসনার বড় ভাই সুমন ও ভগ্নিপতি সোহরাব হোসেন অভিযোগ করেন, ধর্ষণের বিচার না পেয়ে লজ্জায় হাসনা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।হাসনার মা সহিদা বলেন, ‘আমি মাতব্বরদের কাছে আমার মেয়েকে ধর্ষণ করার ঘটনার বিচার চাইতে গিয়েছিলাম। কিন্তু মাতব্বরেরা উল্টো বিচার করে আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি আনোয়ার ও মাতব্বরদের বিচার চাই।’হাসনার চাচা বয়তুল্লাহ বলেন, ‘বাড়িতে নিয়ে গেলে মারধর করতে পারে, সে কারণে আমি হাসনাকে নিজের বাড়িতে নিয়ে রাখি। সকালবেলা দেখি সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’এ বিষয়ে আনোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। আনোয়ারের বাবা নূরুজ্জামান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।গ্রাম্য মাতব্বর আবদার হোসেন বলেন, হাসনার মা ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় কোনো মীমাংসা হয়নি। এরপর তাঁরা তাঁদের মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যান।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।