ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা
বরগুনার পাথরঘাটায় ধর্ষণের বিচার না পেয়ে এক নারী স্থানীয় ইউপি ভবনের একটি কক্ষে আত্মহননের চেষ্টা চালান। গত শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় ওই নারীর মা শনিবার রাতে থানায় মামলা করেন।মামলার আসামিরা হলেন রুহুল মীর ও রাজু কাজি। তাঁদের বাড়ি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। ওই নারীর মা জানান, ধর্ষণের বিচার চাইতে শনিবার সকালে তাঁর মেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে (ইউপি) যান। ইউপি সদস্য ফায়জুল কবির তাঁকে অপেক্ষা করতে বলে সময় অতিবাহিত করতে থাকেন। এ সময় অভিযুক্ত রুহুল মুঠোফোনে তাঁকে ভয়ভীতি দেখাতে থাকেন। বিষয়টি জানানোর পরও ফায়জুল কোনো ব্যবস্থা নেননি। পরে সারা দিন অপেক্ষা করে বিচার না পেয়ে ওই নারী বিকেলে আত্মহননের চেষ্টা করেন। ফায়জুল কবির বলেন, ‘চেয়ারম্যানের সামনে ঘটনা শুনব বলে তাঁকে অপেক্ষা করতে বলি। বিষপানের পর আমি তাঁকে হাসপাতালে ভর্তি করেছি।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিদুল হাসান বলেন, মেয়েটির পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন। পাথরঘাটা থানার ওসি নূরুল হক বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।বছর দুই আগে ওই নারীর বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই তিনি বাবার বাড়িতে বসবাস করছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে বাইরে বের হলে রুহুল ও রাজু তাঁকে ধর্ষণ করেন।