নারী ধর্ষণের ঘটনায় নারীদের মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবি জানিয়েছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। বিচারের পাশাপাশি ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আর নারীদের দ্বারা পরিচালিত এই ট্রাইব্যুনালে হয়তো এ সমাজের নারীরা বিচার পাবে।
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে আজ শনিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে সংস্কৃতিকর্মীরা এ কথা বলেন। বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলার পলাতকদের গ্রেপ্তার ও আসামিদের শাস্তির দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই ঘটনার প্রতিবাদে ১৮ মে বিকেল পাঁচটায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার এত বছর পরও ধর্ষণ নিয়ে এমন একটি বিক্ষোভ করতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। প্রকৃত অপরাধীদের শাস্তি প্রদানের পাশাপাশি ধর্ষণকারীদের, নির্যাতনকারীদের ও তাদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এসব ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের ও বিচার করতে হবে। তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়ার একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে যেখানে শুধু নারীদের মধ্য থেকে, নারীদের মাধ্যমে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হবে। তাহলেই হয়তো নারীরা ন্যায়বিচার পাবে।
গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর বলেন, ‘তনু হত্যা থেকে একের পর নারী ও শিশু ধর্ষিত হচ্ছে-আমরা তা দেখছি। বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে। আমাদের ঐক্যের লক্ষ্যটা ঠিক রাখতে হবে। নইলে এক ভয়ানক বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে।’
অভিনয় শিল্পী সহিদুল ইসলাম সাচ্চু বলেন, ‘দেশ এক ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এগুলো যদি প্রতিরোধ না করা হয় তো আপনার আমার বোন, স্বজনরাই আক্রান্ত হবে। কোনোক্রমেই যেন ধনি শ্রেণির এই লুটেরা যেন আইনের ফাঁক-ফোকরে রেহাই না পায়।’
সংসদ সদস্য নাজমুল হক প্রধান এই সমাবেশে সংহতি জানিয়েছেন। তিনি বলেন, ‘আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ নিজেই বলেছেন তাঁর ছেলের সঙ্গে সম্মতিতে ঘটনাটি ঘটেছে। শুধু ধর্ষক নয়, ধর্ষকের পিতাকেও আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে।’
সমাবেশে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার, নৃত্যশিল্পী আমানুল হক, শিল্পী কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াসসহ প্রমুখ সংস্কৃতিকর্মীরা বক্তব্য রাখেন।