ধর্ষণের ভিডিও ইন্টারনেটে প্রচারের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩
যশোর সদর উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে প্রচারের অভিযোগে গতকাল রোববার মামলা হয়েছে। মেয়েটির মা বাদী হয়ে করা মামলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ১৬ জনকে আসামি করা হয়। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন আজ সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বিকেলে মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং দণ্ডবিধি আইনের ধারায় মামলা করেন। মামলায় ধর্ষণ ও তার ভিডিও প্রচারের অভিযোগে মাসুদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সালিসের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে ওই মামলায় নরেন্দ্রপুর ইউপির সদস্য শওকত হোসেনকে আসামি করা হয়। গতকাল রাতে প্রধান আসামি মাসুদের মা নূর জামান (৪৫), মাসুদের সহযোগী রাশেদুল রাশেদ (২৫) ও ইসরাফিলকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে মেয়েটির মা অভিযোগ করেছেন, ৫ অক্টোবর মাসুদ তাঁর মেয়েকে ধর্ষণ করেন। মোবাইলে সে ঘটনার ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন মাসুদ। পরে রাশেদ ও ইসরাফিলের সহযোগিতায় ভিডিওটি মাসুদ ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস-বিচার হলেও ন্যায়বিচার মেলেনি। উল্টো তাঁর পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। সে কারণে তিনি বাধ্য হয়ে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি বলেন, ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার বিষয় নয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।