ধর্ষণের ভিডিও ইন্টারনেটে মামলা করায় হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে এক স্কুলছাত্রীকে কয়েকজন মিলে ধর্ষণ করার পর সেই ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার এক আসামিকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা ধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার দুলাভাইকে হুমকি দিচ্ছে৷
ছাত্রীটি জানায়, গত ২৬ এপ্রিল দুপুরে সে দুলাভাইয়ের বাড়ি শ্যামনগর থেকে নিজ বািড় কালীগঞ্জে ফিরছিল৷ পথে বেলা তিনটার দিকে তাঁর পূর্বপরিচিত শ্যামনগরের দক্ষিণ হাজীপুর গ্রামের রেজাউল করিম হাত থেকে তার মুঠোফোনটি কেড়ে নিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে ঢুকে পড়ে৷ সে মুঠোফোন আনতে বিদ্যালয়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে রেজাউল করিম (২১), রাজু আহমদে গাজী (২০), রুবেল হোসেন (২০), সবুজ হোসেন গাজী (২৪), সুমন আহমেদ (২৩) ও মনির হোসেন (২৫) তাকে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে ধরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের চিত্র মুঠোফোনে ধারণ করা হয়। এ সময় বাপ্পী দেবনাথ নামের এক তরুণ উপস্থিত ছিলেন।
সে আরও জানায়, এ ঘটনা কাউকে বললে ওই চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে তাকে হুমকি দেওয়া হয়। বিষয়টি সে তার পরিবারকে জানালে পরিবার বিষয়টি চেপে গিয়ে তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার চেষ্টা করে। এ কথা জানতে পেরে ওই তরুণেরা তার দুলাভাইকে হত্যার হুমকি দেন। ঘটনার কয়েক দিন পর রেজাউল তাকে আবার দেখা করতে বলেন। এতে সে আপত্তি করলে ওই ভিডিওচিত্র ৫ মে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ছাত্রীটি গত সোমবার শ্যামনগর থানায় ওই সাতজনের বিরুদ্ধে মামলা করে৷ পুলিশ ওই দিনই বাপ্পী দেবনাথকে গ্রেপ্তার করে। মামলা তুলে নেওয়ার জন্য বাকি আসামিরা ওই ছাত্রী ও তার দুলাভাইকে মুঠোফোনে হুমকি দিচ্ছেন। বিষয়টি ছাত্রীটির পরিবার পুলিশকে জানিয়েছে৷ শ্যামনগর থানার ওসি সগীর মিঞা জানান, বাপ্পী দেবনাথ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেছেন, তিনিসহ সাতজন এ ঘটনার সময় ছিলেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি৷ আসামিরা পলাতক রয়েছেন।