ধর্ষণের ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার কিশোরীর বাবা শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।
ওই আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) কিরণ শংকর হালদার মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আরজি সূত্রে জানা যায়, ওই কিশোরী খেলনা পুতুলের চুল তৈরির একটি কারখানায় কাজ করত। গত ১৬ ফেব্রুয়ারি কারখানার মালিক ও শ্রমিকেরা বনভোজনে যান। রাতে মেয়েটিকে বাড়ি পৌঁছে না দিয়ে এক তরুণ বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং অপর তরুণ তা ভিডিও করেন। মেয়েটিকে এ কথা কারও কাছে না বলার জন্য হুমকি দেওয়া হয়। পরে ভিডিও চিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়।
আরজিতে বাদী উল্লেখ করেন, ঘটনাটি মীমাংসার জন্য বৈঠক করলে ওই তরুণ মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করে বিয়ের আশ্বাস দেন। গত শনিবার ওই তরুণ সে কথা অস্বীকার করেন। পরদিন জেলা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে পাওয়া ছাড়পত্রে মেয়েটিকে ধর্ষণের কথা উল্লেখ করা হয়।
এ ব্যাপারে বিভিন্নভাবে চেষ্টা করেও ওই দুই তরুণের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।