ধর্ষণের ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার নগরের বোয়ালিয়া থানায় কলেজছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। গতকালই পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

মামলার আসামিরা হচ্ছেন সোহেল রানা (২৫) ও জয়নুল আবেদীন (৩৬)। সোহেল রানার বাড়ি জয়পুরহাট জেলা সদরে। আর জয়নুল আবেদীনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সোহেল রানা নগরের নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী। জয়নুল আবেদীন একটি বিমা কোম্পানির রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী। নগরের অলকার মোড়ে এই বিমা কোম্পানির আঞ্চলিক কার্যালয়। সেখানে একটি কক্ষে ভাড়াটে হিসেবে থাকতেন সোহেল। সেই সূত্রে সোহেলের সঙ্গে জয়নুল আবেদীনের সখ্য।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোহেল বেশ কিছুদিন আগেই ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি মেয়েটির পরিবারের লোকজন জানতে পেরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে সোহেলকে সতর্ক করে দেয়। তারপরও গত ২৫ নভেম্বর সোহেল তাকে অলকার মোড়ে ওই বিমা কোম্পানির কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করেন। পরে তা জয়নুল আবেদীনের মুঠোফোনে রাখা হয়। এটি একপর্যায়ে মেয়েটির পরিবারের সদস্যদের কাছে চলে যায়। এ ঘটনায় গতকাল সোমবার মেয়েটির মা বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে ধর্ষণের ভিডিও উদ্ধার করে।

বোয়ালিয়া থানার এসআই নাসির উদ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। আসামিদের গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে। এখন আদালতের অনুমতি নিয়ে মেয়েটিকে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হবে।