ধর্ষণের ভিডিওচিত্র মুঠোফোনে ছড়ানোয় নারীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধর্ষণের ভিডিওচিত্র বাজারে ছাড়ার পর ধর্ষণের শিকার বিউটি খাতুন (২২) নামের এক নারী গত শুক্রবার রাতে আত্মহত্যা করেছেন। বিউটির সাবেক স্বামী মিঠু পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুদের দিয়ে তাঁকে ধর্ষণ করান এবং ভিডিওচিত্রটি ধারণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিউটি খাতুন উপজেলার পিরোজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। বিউটির ভাই মিঠুন ইসলাম জানান, পাঁচ বছর আগে তাঁর একমাত্র বোন বিউটির বিয়ে হয় একই উপজেলার কেয়াবাগার গ্রামের মিঠুর সঙ্গে। মিঠু ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই যৌতুকের জন্য বিউটিকে মারধর করতেন। এক বছর দুই মাস আগে মিঠু বিউটিকে তালাক দেন। এরপর বিউটি তাঁর বাবার বাড়িতেই ছিলেন। তিন মাস আগে মিঠু পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে বিউটিকে তাঁর বাবার বাড়ি থেকে নিয়ে যান। সেখানে কয়েক দিন থাকার পর আবার বাবার বাড়িতে ফিরে আসেন বিউটি। আসার পর থেকে বিউটি বিষণ্ন থাকতেন। তখন বিষয়টি বিউটির পরিবারের কেউ বুঝতে পারেননি। চার-পাঁচ দিন আগে বিউটি ও তাঁর পরিবারের লোকজন ধর্ষণের ভিডিওচিত্র ছড়ানোর বিষয়টি জানতে পারেন। এরপর বিউটি তাঁর পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলেন। বিউটি তাঁর পরিবারের সদস্যদের জানান, স্বামী মিঠু দ্বিতীয় দফায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় তাঁকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যান। সেখানে মিঠু তাঁর বন্ধুদের দিয়ে বিউটিকে ধর্ষণ করান।
মিঠুন আরও জানান, ভিডিওচিত্র ছড়ানোর ঘটনা জানার পর থেকে বিউটি সারাক্ষণ কান্নাকাটি করতে থাকেন। শুক্রবার রাত নয়টার দিকে কাউকে কিছু না বলে নিজের কক্ষে বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন বিউটি। এ ঘটনায় গতকাল কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) মুজিবর রহমান বলেন, ভিডিওচিত্রের কারণে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।