ধর্ষণের মামলা করায় ছাত্রীর পরিবারকে সমাজচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করায় এক স্কুলছাত্রীর পরিবারকে সমাজচ্যুত করেছেন মাতবরেরা। গত শুক্রবার উপজেলার সনমান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।পুলিশ ও ওই ছাত্রীর পরিবার জানায়, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নাজিরপুর গ্রামের রুবেল মিয়া। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রুবেল এলাকা থেকে পালিয়ে যান। পরে সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়েকটি মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা দুই মাস ধরে ছাত্রীটির সঙ্গে রুবেলের বিয়ে দেওয়ার চেষ্টা চালান। এর পরও কোনো কাজ না হওয়ায় গত ১৩ এপ্রিল ওই ছাত্রীর মা সোনারগাঁ থানায় মামলা করেন। এরপর গত শুক্রবার রাতে ভাটেরচর গ্রামের মাতবর আবদুল বারেকের সভাপতিত্বে তাঁর বাড়িতে সালিস বৈঠক হয়। বৈঠকে বারেক মাতবর বলেন, মেয়েটি যেহেতু সমাজবিরোধী কাজ করেছে, তাই তার পরিবারকে সমাজচ্যুত করা হলো। গ্রামের কোনো ব্যক্তি ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তাঁকে ৫০০ টাকা জরিমানা ও ৫০ বার জুতাপেটা করার ঘোষণা দেন তিনি। এরপর গ্রামের বাসিন্দারা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। গতকাল রোববার মেয়েটির মা সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার বর্ণনা দেন। নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, রুবেলের পরিবার প্রভাবশালী হওয়ায় ছেলেটির বিচার না করে উল্টো মাতবরেরা মেয়েটির পরিবারকে সমাজচ্যুত করেছেন। অর্থের বিনিময়ে তাঁরা এ কাজটি করেছেন বলে গ্রামের অনেকে অভিযোগ করছেন।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাদিক বলেন, মেয়েটির পরিবারকে সমাজচ্যুত করার খবর পেয়ে তিনি সালিস বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের বাড়িতে অভিযান চালান। কিন্তু তাঁরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি। সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম বলেন, তিনিসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা দুই মাস ধরে হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়ে ছেলেটির সঙ্গে ওই ছাত্রীর বিয়ে দেওয়ার চেষ্টা চালান। কিন্তু গ্রামের সমাজপতিরা অর্থের বিনিময়ে ছেলেটির পক্ষ নেওয়ায় তাঁরা কিছু করতে পারেননি। এ ব্যাপারে যোগাযোগ করার জন্য একাধিকবার সালিস বৈঠকে অংশ নেওয়া ও একঘরে করার ঘোষণাকারী মাতবরদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।