ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ
ভোলার লালমোহনে স্কুলছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিওচিত্র ধারণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের পরিবার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানির নির্ধারিত দিন আজ রোববার। ভোলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই শুনানি হওয়ার কথা।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যারিচাঁদ গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ১৭ ফেব্রুয়ারি দুপুরে পার্শ্ববর্তী রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় তার স্কুলের মাঠে টেলিভিশনে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যায়। এ সময় ওই এলাকার বখাটে সুমন, তৈয়ব ও সাদ্দামের সহযোগিতায় বখাটে সবুজ কিশোরীকে স্কুলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সবুজ তাকে ধর্ষণ করে। সুমন ধর্ষণের চিত্র মুঠোফোনে ভিডিও করে। এ ঘটনায় কিশোরীর বাবা চারজনের বিরুদ্ধে ১৯ ফেব্রুয়ারি লালমোহন থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই সুমন, সবুজ ও সাদ্দামকে গ্রেপ্তার করে। বাদী অভিযোগ করেন, আসামি তৈয়ব ও অন্য আসামিদের আত্মীয়রা তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলছে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এনামুল হাসান জানান, আসামি তৈয়বকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। আর বাদীপক্ষ হুমকির বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ করেনি।এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।