ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ধর্ষকের পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিত ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহ আগে মামলা করলেও পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রাম-রামা গ্রামের শুকুর আলীর বখাটে ছেলে বিপ্লব হোসেন (২৫) তাহেরপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) ধর্ষণ করেন। ধর্ষিতার বাবা জানান, বিপ্লবের বাবা ও চাচারা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি ও চাপ প্রয়োগ করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানও তাঁদেরকে মামলা তুলে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন বলে অভিযোগ করেন। গোয়ালকান্দির ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, তিনি আপস বা মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে বলেননি। ধর্ষকের বাবা শুকুর আলী হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তাঁদেরকে মীমাংসার জন্য বলা হচ্ছে। কোনো হুমকি বা চাপ দেওয়া হয়নি। তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক ফিরোজ কবির জানান, আসামি পলাতক। ফরেনসিক বিভাগের পরীক্ষায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।